মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন দলীয় প্রধানরা

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ বিরতির পর এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা। আগামী ৯ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজনৈতিক দলগুলোর প্রধানদের নির্বাচনী ভাষণ প্রচারের অংশ হিসেবে এই বিশেষ স্পষ্ট বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে ২০০৮ এবং ২০১৩ সালের নির্বাচনের প্রাক্কালে বড় দলগুলোর প্রধানদের ভাষণ বিটিভিতে প্রচার করা হয়েছিল। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এক চিঠিতে বিটিভির মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে। নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা অপরিহার্য। নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫ অনুসরণ করে বিটিভিতে বিভিন্ন দলের প্রধানদের প্রচারের সুযোগ দিচ্ছে ইসি। জানা গেছে, আবেদনপ্রাপ্তির সময়ের ক্রমানুসারে এবং চাহিদা মোতাবেক বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৯ ফেব্রুয়ারি শেষ স্পটে ভাষণ দেবেন। তারেক রহমানের এই ভাষণ রেকর্ডিংয়ের সময় ও সঠিক সময়সূচি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিটিভি কর্তৃপক্ষ নির্ধারণ করবে। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান একই দিন রাত ৯টায় ভাষণ দেবেন। বিটিভিতে প্রচারের এই উদ্যোগ মূলত নির্বাচনী পরিবেশকে আরও উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার একটি প্রচেষ্টা হিসেবে দেখছে নির্বাচন কমিশন।
শেয়ার করুন: