নিজস্ব প্রতিবেদক.
নারায়ণগঞ্জ-৩ আসনে গণসংহতি আন্দোলন এর মনোনীত প্রার্থী অঞ্জন দাস বলেছেন, “জনপ্রতিনিধি মানে জনগণের চাকর, জনগণের ওপর বসে থাকা কোনো প্রভু নয়। আমি নির্বাচিত হলে এই এলাকা থেকে তথাকথিত ‘ভিআইপি গিরি’ চিরতরে বন্ধ করে দেওয়া হবে।”
শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় বিভিন্ন পেশাজীবীর লোকজন উপস্থিত।
সমাবেশে অঞ্জন দাস বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার সমালোচনা করে বলেন, প্রশাসন ও রাজনীতিতে ভিআইপি কালচার (সংস্কৃতি) চালু থাকার কারণেই সাধারণ মানুষ আজ অবহেলিত ও অধিকারবঞ্চিত। নির্বাচিত হলে সংসদে গিয়ে এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অঙ্গীকার করেন তিনি।
নিজেকে শ্রমিক-মেহনতি মানুষের প্রতিনিধি দাবি করে তিনি বলেন, লুটেরা গোষ্ঠীর বদলে সৎ ও সাহসী বিকল্প হিসেবে ‘মাথাল’ প্রতীককে বেছে নিতে হবে। এই নির্বাচনকে কেবল ক্ষমতায় যাওয়ার লড়াই নয়, বরং সাধারণ মানুষের মর্যাদা ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই হিসেবে অভিহিত করেন তিনি।
এসময় গণসংহতি আন্দোলনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।