বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সোনারগাঁওয়ে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক

সোনারগাঁওয়ে দুর্বৃত্তরা এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত মো. নাঈম মিয়া (২২) পরমেশ্বরদী গ্রামের আ. হেকিমের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই নাসিমুল ইসলাম বাদি হয়ে গতকাল সোমবার সকালে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের ঘটনায় আবুল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের আ. হেকিমের ছেলে মো. নাঈম মিয়া পেশায় একজন রাজমিস্ত্রী। রোববার রাত ৮টার দিকে নাঈম ও নাসিমুল দুই ভাই স্থানীয় চায়ের দোকানে বসেছিল। অপরিচিত এক ফোন পেয়ে নাঈম দোকানের বাইরে চলে যায় । পরে রাত নয়টার দিকে বাড়ির পাশ্ববর্তী জমিতে বস্তাবন্দি অবস্থায় নাঈমের দেহ পড়ে থাকে। স্থানীয়রা দেখতে বস্তাবন্দি নাঈমকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

নিহতের বড় ভাই নাসিমুল ইসলাম জানান, ঘটনার আগে তারা বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিল। হঠাৎ একজনের ফোন পেয়ে মোবাইলে কথা বলতে বলতে সেখান থেকে বের হয়ে যায় নাঈম। সে ফোনে বলতেছিল, 'আমার কাছে টাকা নাই'। দুই-তিনবার এ কথা বলছিল। তখনও একটু দূরে দাঁড়িয়ে কথা বলতেছিল। কিছুক্ষণ পর দেখি নাঈম সেখানে নাই। পরে বাড়িতে গিয়ে ছোট ভাই নাঈমকে দেখতে না পেয়ে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পান। আধাঘন্টা পর এলাকাবাসীর হৈ-চৈ শুনতে পেয়ে বেরিয়ে যান নাছিমুল। লোকজন “ডাকাত, ডাকাত” বলে চিৎকার করছিল। পরে এলাকাবাসীর সঙ্গে পাশের জমিতে গিয়ে নাঈমকে বস্তাবন্দি রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

সোনারগাঁও থানার ওসি মহিববুল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনালে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকান্ডে সঙ্গে জড়িত সনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন: