বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

নতুন মন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য প্রস্তুত করা হয়েছে ৩৭টি বাড়ি বা বাসা। অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে নতুন প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তার জন্য বাসভবন ঠিক করা হবে বলেও জানান তিনি।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি )সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৩৭টি বাড়ি প্রস্তুত করে রেখেছি। মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশানে এ বাড়িগুলো রয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরি করার প্রস্তুতি চলছে। শপথ নিতে নিতেই এগুলো তৈরি হয়ে যাবে বলে জানান।’


এ ৩৭টি বাড়ির মধ্যে বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যদের বসবাস করা বাড়িগুলো রয়েছে বলেও জানান আদিলুর রহমান খান।

উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। উনারা যেভাবে চান সেভাবে হবে।’


উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল প্রকাশিত হয়েছে। এতে বিএনপি জোট ২১২টি আসন পায়। নতুন সরকারের মন্ত্রিসভা মঙ্গলবার বিকেলে শপথ নেবে।

নির্বাচনে ৭৭টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকছে জামায়াতে ইসলামী জোট। অন্যদিকে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি ৮টি আসনে জয়ী হয়েছেন।

শেয়ার করুন: