প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ১২টা ৮ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপর শহীদ মিনারে দোয়া করা হয়। ভাষা শহীদসহ মুক্তিযুদ্ধে বীর শহীদ, চব্বিশের আন্দোলনের শহীদ, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি-অগ্রগতি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ক্ষমতাসীন দল বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকেও এ সময় আলাদাভাবে ফুল দেওয়া হয়।
মন্ত্রিসভা ও বিএনপির শ্রদ্ধা নিবেদনের পর তারেক রহমান তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে জিয়া পরিবারের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন একই সময়ে তাদের বাহিনীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোটের নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলামও এ সময় উপস্থিত ছিলেন। তারা বেদীতে দাঁড়িয়ে মোনাজাতও করেন।
১১ দলীয় জোটের শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশে দায়িত্বরত বিদেশি রাষ্ট্রদূত, হাই কমিশনার ও কূটনীতিকরা শহীদ মিনারে ফুল দেন।
শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনাররা। মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব আলাদাভাবে পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর সিন্ডিকেট ও সিনেটের সদস্যদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার সবার জন্য খুলে দেওয়া হয়।
এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।