প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। একই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়। রোববার দিবাগত রাতে সোনারগাঁও পৌরসভার ভবনাথপুর এলাকা থেকে জিসান (২২) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সোমবার সোনারগাঁও থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় রাজধানী ঢাকাগামী একটি পালসার মোটরসাইকেল ( ঢাকা মেট্রো-ল-৪৭-৭৪২৯) পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে
চেকপোস্ট থেকে প্রায় ১০ গজ দূরে যেতেই মোটরসাইকেলের পেছনের চাকা পাংচার হলে আরোহী দুইজন মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের থাকা কসটেপে মোড়ানো দুইটি পোটলা থেকে আনুমানিক ৫ কেজি গাঁজা উদ্ধার করে। একই সাথে মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এরই সূত্র ধরে দিবাগত রাত ১১টা ২৫ মিনিটে পুলিশ সোনারগাঁও পৌর এলাকার ভবনাথপুর এলাকায় অভিযান চালায়। এসময় পলাতক মোটরসাইকেল আরোহী জিসান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জব্দকৃত মোটরসাইকেলটি তার চাচা আবু হানিফের বলে জানায়।
তার দেয়া তথ্য মতে চাচার অগোচরে চাচাতো ভাই নাইমের কাছ থেকে মোটরসাইকেল নিয়ে বন্ধু জীবনকে (২২) সঙ্গে নিয়ে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে গাঁজা কিনে কাঁচপুর এলাকায় বিক্রির উদ্দেশ্যে রওনা হয়। পথে মেঘনা টোল প্লাজা এলাকায় পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে
মোটরসাইকেলের চাকা পাংচার হলে মোটরসাইকেল ও গাজা ফেলে রেখে পালিয়ে যায়।
সোনারগাঁও থানার ওসি মোঃ মহিববুল্লাহ জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা
চলছে।