প্রকাশিত: ২২ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার সাত ভাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম ফারহানা (২৬) । ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী পলাতক রয়েছে। এ ঘটনায় নিহত ফারহানার স্বামী সাগরকে প্রধান আসামি করে তিন জনের নামে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
নিহতের ছোট বোন তানজিনা জানান, যৌতুকের জন্য প্রায়শই ভগ্নিপতি সাগর বোন ফারহানাকে মারধর করত। কয়েক মাস আগে বিদেশে যাওয়ার জন্য চার লক্ষ টাকা যৌতুক দিয়েছিলেন। বিদেশ থেকে ফিরে আসে আবারো যৌতুক দাবি করে। এ নিয়ে গত শনিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রোববার সকালে নিহতের ননদ তানজিনাকে মোবাইল ফোনে যোগাযোগ করে জানায়, তার বোন ফারহানা অসুস্থ। পরে তারা বাসায় এসে ফারহানাকে ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান।
সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।