বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে গুলি করে ডাকাতি

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রবাসীকে বহনকারী মাইক্রোবাসে গুলি করে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়,  সৌদি প্রবাসী মো. দেলোয়ার হোসেন মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ বাড়ি চাঁদপুর জেলার পূর্ব জাফরাবাদ গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে ৪টি মোটরসাইকেল ও একটি প্রবক্স গাড়িতে করে আসা ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর  এলাকায় সৌদি প্রবাসীকে বহনকারী মাইক্রোবাসটির পথ গতিরোধ করে ।
এ সময় ডাকাত দলের সদস্যরা প্রবাসীর কাছ থেকে পাসপোর্ট, মোবাইল ফোন, সৌদি রিয়ালসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। ডাকাতির কাজে বাধা দেওয়ায় মাইক্রোবাসের চালক ফিরোজ মিয়া ডাকাত দলের এক সদস্য তাকে গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয় পথচারীরা গুলিবিদ্ধ চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সোনারগাঁও থানার কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায়।  তিনি আরও জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন: